বিএডিসির সিড ক্লিনিং মেশিন কেনায় অনিয়মের অভিযোগ, ৮ টনের বদলে ২ টন সক্ষমতার মেশিন সরবরাহের দাবি
কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি প্রকল্পে সিড ক্লিনিং মেশিন কেনাকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্রে প্রতি ঘণ্টায় ৭ থেকে ৮ টন বীজ পরিষ্কারের সক্ষমতাসম্পন্ন মেশিন কেনার শর্ত থাকলেও বাস্তবে প্রতি ঘণ্টায় মাত্র ২ টন সক্ষমতার মেশিন সরবরাহ করা হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। এ ঘটনায় প্রকল্পের ক্রয়প্রক্রিয়া, দরপত্রের শর্ত প্রতিপালন এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।
<...