ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

/ বাংলাদেশ / অর্থনীতি

বহুমুখী পাট পণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ

admin1

প্রকাশিত: ০৮:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বহুমুখী পাট পণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ

বাংলাদেশের বহুমুখী পাট পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে বহুমুখী পাট পণ্যের উন্নয়ন নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বৈঠকে বাংলাদেশ জুট ডাইভারসিফাইড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (BJDPMA) সভাপতি মো. রাশেদুল করীম মুন্নার নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে দেশের বহুমুখী পাট পণ্যের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।


সভায় বহুমুখী পাট পণ্যের উন্নয়ন ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে একটি সমন্বিত কৌশলগত পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নে সরকারি সহায়তা, নীতিগত উদ্যোগ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।


বিশেষ করে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটজাত পণ্যের চাহিদাকে কাজে লাগিয়ে নতুন বাজার সৃষ্টি এবং বিদ্যমান বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাটজাত বহুমুখী পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়িয়ে দেশের অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।


এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমও উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্টদের মতে, বহুমুখী পাট পণ্যের উৎপাদন ও রপ্তানিতে কার্যকর কৌশল গ্রহণ এবং তা দ্রুত বাস্তবায়ন করা গেলে দেশের পাট খাতের বহুমুখীকরণ আরও গতিশীল হবে। একই সঙ্গে এ খাতে নতুন বিনিয়োগ, বাজার সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনাও বাড়বে।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - অর্থনীতি

Ad Image

আপনার জন্য নির্বাচিত