যৌথ অভিযান নয়, নিয়মিত সমন্বিত কার্যক্রম চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৬, ১ অক্টোবর ২০২৬
দেশে পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার বাহিনীকে নিয়ে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তর নির্মাণের ফলক উন্মোচন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম একটি নিয়মিত প্রক্রিয়া। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী কার্যক্রমে সংশ্লিষ্ট বাহিনীগুলো নিয়মিতভাবে কাজ করছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য দায়িত্বে অবহেলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে শুধু দায়িত্ব থেকে প্রত্যাহার করা হবে না বলেও জানান তিনি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ফৌজদারি মামলাও করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এই সময়ে কোনো অপশক্তি যাতে দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে।
এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব সদর দপ্তর নির্মাণের দীর্ঘদিনের উদ্যোগ বাস্তবায়নের পথে রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে তিন একরের বেশি জমি বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি বড় অবকাঠামো নির্মাণ করা হবে।
দেশের বিভিন্ন জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। বাহিনীর বিভিন্ন দাবিদাওয়া পর্যায়ক্রমে পূরণেরও আশ্বাস দেন।
ঢাকার যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়াকরণের কাজ করা হচ্ছে এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক খনন ও নির্মাণকাজের কারণে যাতে দীর্ঘস্থায়ী যানজট তৈরি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো সড়ক একসঙ্গে খনন না করে ধাপে ধাপে কাজ শেষ করে দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।
এফএইচ/বিএ/পিআর