সাংহাইয়ে রোবট ট্রাফিক পুলিশ ‘সিয়াও হু’: প্রযুক্তির নতুন যুগে প্রবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪, ২৯ জুলাই ২০২৫
সাংহাইয়ের ব্যস্ত সড়কে সম্প্রতি দেখা গেছে এক অভিনব দৃশ্য—রাস্তায় দায়িত্ব পালন করছে একটি হিউম্যানয়েড রোবট ট্রাফিক পুলিশ, যার নাম ‘সিয়াও হু’ (মানে ‘ছোট বাঘ’)। রোবটটি কেবল ট্রাফিক নিয়ন্ত্রণই করছে না, পথচারীদের দিকনির্দেশনা দিচ্ছে এবং প্রাথমিক ট্রাফিক আইন সম্পর্কেও সচেতন করছে।
হুয়াংপু জেলার এক মোড়ে এই রোবটকে দেখা গেছে সাদা হেলমেট, প্রতিফলকযুক্ত হলুদ ইউনিফর্ম এবং এলইডি আলোকের আলোকে একদম মানব পুলিশের মতো দায়িত্ব পালন করতে। লাল বাতি জ্বলে উঠলে রোবটের কণ্ঠে শোনা গেছে, “লাল বাতি জ্বালানো আছে, দয়া করে থামুন।” পাশাপাশি হাতের ইশারায় পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে সহায়তা করে সে।
চার বছরের গবেষণার ফসল ‘সিয়াও হু’ এখন পরীক্ষামূলকভাবে রাস্তায়
সাংহাই পাবলিক সিকিউরিটি ব্যুরো জানিয়েছে, চার বছরের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তৈরি ‘সিয়াও হু’ এখনো ট্রায়াল পর্যায়ে রয়েছে। বাস্তব ট্রাফিক পরিস্থিতিতে প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করাই এর মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এটি জনবহুল মোড়, বড় ইভেন্ট কিংবা উৎসবের সময় ট্রাফিক ম্যানেজমেন্টে মানব পুলিশের সহায়ক বা বিকল্প হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
নেটদুনিয়ায় উচ্ছ্বাস ও আগ্রহ
রোবটটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, নেটিজেনদের মধ্যে দেখা গেছে প্রবল আগ্রহ ও মুগ্ধতা। কেউ লিখেছেন, “সাংহাইয়ে রোবোকপ এসে গেছে! পরীক্ষামূলক হলেও দারুণ লাগছে।”
আরেকজন মন্তব্য করেন, “এটা ভবিষ্যতের শুরু, প্রযুক্তি বাস্তব জীবনের অংশ হয়ে যাচ্ছে।”
এফএইচ/বিএ/পিআর