নিয়ম লঙ্ঘন করে ঢাবিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগ
Admin
প্রকাশিত: ১২:২৪, ২৪ জুলাই ২০২৫
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ অধ্যাপক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এতে আবেদনের যোগ্যতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদিত ‘ইন্টাগ্রেটেড রুলস অ্যান্ড কোয়ালিফিকেশনস ফর অ্যাডভারটাইজড টিচিং পজিশনস’ নিয়ম লঙ্ঘন করে বাড়তি শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে অনেক মেধাবী প্রার্থী আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ।
সূত্রমতে, বিভাগটিতে অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদনকারীর বিভিন্ন যোগ্যতার সঙ্গে বলা হয়েছে, ‘তাদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, তন্মধ্যে কমপক্ষে সাত বছর ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে। অথচ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদিত ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া ‘ ইন্টাগ্রেটেড রুলস অ্যান্ড কোয়ালিফিকেশনস ফর অ্যাডভারটাইজড টিচিং পজিশনস’ শীর্ষক নিয়মে বলা হয়েছে, প্রার্থীকে কোনো বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১২ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
অর্থাৎ ‘কমপক্ষে সাত বছর ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে’ এমন কোনো শর্ত সিন্ডিকেট প্রণীত নিয়মে নেই। এই শর্ত বাদ দিয়েই স্বাভাবিক নিয়মে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির ইংরেজি, প্রাণিবিদ্যা ও আইন বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অথচ ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ তার ব্যতিক্রম। বিভাগ সংশ্লিষ্টদের পছন্দের কোনো প্রার্থীকে নিয়োগের অসৎ উদ্দেশ্যেই নিয়ম লঙ্ঘন করে বাড়তি এ শর্ত জুড়ে দেওয়া হতে পারে বলে অনেকের আশঙ্কা।
সূত্রমতে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত ওই পদে আবেদনের সুযোগ রয়েছে। তাই বাড়তি শর্ত বাতিল করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক নিয়মে আবেদনের সুযোগ সৃষ্টির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী প্রার্থীরা। এ বিষয়ে জানতে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া আমার দেশকে বলেন, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগটি একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এতে বিশেষজ্ঞ মানুষ যাতে পাওয়া যায়, সেজন্য বিভাগের কো-অর্ডিনেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি (সিঅ্যান্ডডি) থেকে সাত বছরের ওই শর্ত দিয়ে প্রস্তাবনা পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। সেটি অনুমোদনের পরই আমরা বিজ্ঞপ্তি দিয়েছি।
এতে সিন্ডিকেটের শর্ত লঙ্ঘন হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিন্ডিকেটের নিয়ম অবশ্যই মানতে হবে। আমাদের সিঅ্যান্ডডি কমিটিতেও সিন্ডিকেট সদস্যরা আছেন। তারা দুটি বিষয়কে ব্যালান্স করে জেনেশুনেই প্রস্তাব পাঠিয়েছেন। আর সবকিছু বিচার-বিবেচনা করেই কর্তৃপক্ষ তাতে অনুমোদন দিয়েছে, এটি ফেরত পাঠায়নি বা কিছু বলেনি। তবে সংশ্লিষ্টদের অভিমত, সিন্ডিকেটের সিদ্ধান্ত উপেক্ষা করার ক্ষমতা বিভাগের সিঅ্যান্ডডি কমিটির নেই।
এফএইচ/বিএ/পিআর