ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ বাংলাদেশ / রাজনীতি

ফেসবুক পোস্টে ভাষ্য সংশোধন করলেন উপদেষ্টা মাহফুজ, ‘নতুন দলের মহারথী’ মন্তব্যে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ২৯ জুলাই ২০২৫

ফেসবুক পোস্টে ভাষ্য সংশোধন করলেন উপদেষ্টা মাহফুজ, ‘নতুন দলের মহারথী’ মন্তব্যে পরিবর্তন

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম নিজের দেওয়া এক ফেসবুক পোস্টের কিছু গুরুত্বপূর্ণ অংশ পরে পরিবর্তন করেছেন। সোমবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে দেওয়া ওই পোস্টে দুর্নীতি ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রসঙ্গ উঠে আসে, যা নিয়ে আলোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে।

প্রথম পোস্টে তিনি অভিযোগ করেন, কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কারণ তিনি দুর্নীতির অংশ হননি। সেখানে তিনি সরাসরি লেখেন— "নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত"। তবে পরে তা পরিবর্তন করে "বিভিন্ন দলের কয়েকজন মহারথী" উল্লেখ করেন এবং কিছু বাক্য সম্পূর্ণভাবে মুছে দেন।

তিনি একটি ঘটনা বর্ণনা করেন, যেখানে একজন ব্যবসায়ী বিটিভির একটি টেন্ডার প্রস্তাব নিয়ে আসেন। মাহফুজ দাবি করেন, তিনি প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেন এবং তদবিরে যুক্ত ব্যক্তির কর্মকাণ্ড বন্ধ করে দেন। তিনি আরও অভিযোগ করেন, ওই ব্যক্তি কথোপকথনের রেকর্ড করে সাংবাদিকের কাছে পাঠান, তবে সাংবাদিক তা প্রকাশ করেননি।

পোস্টের শেষ অংশে তিনি জানান, গত এক বছরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হলেও দুর্নীতির কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। তিনি ইঙ্গিত করেন, তার সততা ও স্বচ্ছতা কিছু মহলের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পরবর্তীতে পোস্টটির সংশোধিত সংস্করণে তিনি লেখেন— "কয়েকটি বাক্য নিয়ে অপ্রয়োজনীয় জল ঘোলা হচ্ছে, তাই তা সংশোধন করে দিলাম। এখন সময় গুজব ছড়ানো এবং সুবিধাবাদীদের বিরুদ্ধে একত্রিত হওয়ার।"

এই পোস্টের সঙ্গে তিনি তাঁর ভাই মাহবুব আলমের আরেকটি স্ট্যাটাসও শেয়ার করেন, যেখানে মাহবুব তাঁর বিরুদ্ধে ছড়ানো আর্থিক অস্বচ্ছতার অভিযোগ নাকচ করে দেন এবং নিজের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেন।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - রাজনীতি

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image