শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন: ১৫ ঘণ্টা পর পুনরায় বিদ্যুৎ সংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০, ১ অগাস্ট ২০২৫
হবিগঞ্জ জেলার শাহজীবাজারে অবস্থিত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে আগুন লাগার পর প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো জেলা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩৩/১১ কেভি উপকেন্দ্রে হঠাৎ আগুন লাগে, যার ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানাতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রের এক কর্মী বলেন, “সন্ধ্যার দিকে হঠাৎ একটি সিটি ও ব্রেকারে আগুন দেখা দেয়। পরে শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তখন পর্যন্ত পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।”
এ ঘটনায় জেলা জুড়ে জনজীবনে বিঘ্ন ঘটে। বিদ্যুৎ বিচ্ছিন্নতার ফলে শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকাগুলোতে ভোগান্তি তৈরি হয়।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকেন্দ্রটির যন্ত্রপাতি পরিদর্শন ও মেরামতের কাজ চলছে বলেও জানানো হয়।
এফএইচ/বিএ/পিআর