অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা
admin1
প্রকাশিত: ১১:৫৪, ২ অক্টোবর ২০২৬
দেশে ডেঙ্গুর পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার পর অক্টোবরেও সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
স্বাস্থ্যসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে, যা আগস্টের ৪৩ জনের তুলনায় অনেক বেশি। এ নিয়ে ২০২৬ সালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৪৫ ছাড়িয়েছে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ৮০ হাজারে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বৃষ্টি ও পরিবর্তিত আবহাওয়ার কারণে এডিস মশার প্রজনন পরিবেশ দীর্ঘায়িত হতে পারে। ফলে অক্টোবরজুড়েও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু মশা নিধনে ওষুধ ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাড়ি, ভবন, নির্মাণাধীন স্থাপনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
এদিকে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বাড়লে চিকিৎসাসেবা ব্যবস্থার ওপরও অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। তাই জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এফএইচ/বিএ/পিআর