খেলার অনুমতি না পাওয়ায় হতাশ মেসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৬, ৩১ জুলাই ২০২৫
নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে না পারায় এখনও রাগে-দুঃখে ভরা লিওনেল মেসির মন। যদিও দলের রোমাঞ্চকর জয়ে তিনি খুশি, তবুও আগের ম্যাচে খেলা না হওয়ায় কিছুটা অতৃপ্তি রয়ে গেছে তার মধ্যে।
জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে ইন্টার মায়ামির অধিনায়ক বলেন, “এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন ছিল। তাছাড়া আগের ম্যাচে না খেলাটা আমার জন্য নেতিবাচক হয়েছে। বিশ্রাম অবশ্যই দরকার, কিন্তু আমার খেলতে হলে লড়াই লাগে। যত বেশি ম্যাচ খেলি, তত ছন্দে থাকি।”
আটলাসের বিপক্ষে প্রথমার্ধে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। তার ভাষায়, “আগের ম্যাচে আমাকে খেলতে দেওয়া হয়নি। আমি সেটার অভাব অনুভব করেছি। তবে শেষ পর্যন্ত জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
এই নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন শুধু মেসি নন, তার সাবেক বার্সা সতীর্থ জর্দি আলাবাও। এমএলএস অল-স্টার দলের হয়ে না খেলায় দুজনই এক ম্যাচের নিষেধাজ্ঞা পান। নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় ইনজুরি ছাড়া ম্যাচ খেলতে অপারগ হন, তাহলে লিগ কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। সে নিয়ম লঙ্ঘনের কারণেই তারা খেলতে পারেননি এফসি সিনসিনাটির বিপক্ষে।
ফেরার ম্যাচে গোল না করলেও দুইটি দুর্দান্ত অ্যাসিস্ট করেন মেসি। তার তৈরি করা সুযোগ থেকেই গোল করেন টেলেস্কো সেগোভিয়া ও মার্সেলো ভিগান্ট, আর ম্যাচের শেষ সময়েই আসে জয়সূচক গোল।
অন্যদিকে, মেক্সিকান ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন রিভালদো লোজানো।
এফএইচ/বিএ/পিআর