ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ বাংলাদেশ / অর্থনীতি

বড় বিনিয়োগ বাড়ছে, পিছিয়ে পড়ছে সাধারণ বিনিয়োগকারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২৬, ৩১ জুলাই ২০২৫

বড় বিনিয়োগ বাড়ছে, পিছিয়ে পড়ছে সাধারণ বিনিয়োগকারী

বিনিয়োগের অঙ্কে দেশের শেয়ারবাজারে কোটিপতির সংখ্যা বেড়েছে, তবে আশঙ্কাজনক হারে কমেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংখ্যা। এক লাখ টাকার নিচে যাদের বিনিয়োগ, এমন বিনিয়োগকারী বিগত এক বছরে ৮৪ হাজারেরও বেশি কমে গেছে।


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানায়, ২০২৪ সালের জুনে দেশে এক লাখ টাকার কম বিনিয়োগকারীর সংখ্যা ছিল ৯ লাখ ১৬ হাজার ১৫৭ জন। চলতি ২০২৫ সালের একই সময়ে সংখ্যা নেমে এসেছে ৮ লাখ ৩১ হাজার ৭৪৮ জনে। অর্থাৎ মাত্র এক বছরে ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা কমেছে ৮৪ হাজার ৪০৯ জন।


অন্যদিকে, কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারীর সংখ্যা গত এক বছরে বেড়েছে ৩৮১ জন। ২০২৪ সালের জুনে এই শ্রেণির বিনিয়োগকারীর সংখ্যা ছিল ১৬ হাজার ৯৭৬ জন, যা ২০২৫ সালে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৫৭ জনে।


বিএসইসি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ৫০০ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগ রয়েছে এমন মাত্র ৭০টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট রয়েছে, যা আগের বছরের তুলনায় ২টি বেশি। ১০০ কোটি থেকে ৫০০ কোটির মধ্যে বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারীর সংখ্যা এখন ৩৪৭ জন—২০২৪ সালে এ সংখ্যা ছিল ৩২৫।


৫০ কোটি থেকে ১০০ কোটি টাকার মধ্যে বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে ৭৩৩ জনে দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৬৯৬ জন। ১০ কোটি থেকে ৫০ কোটি টাকার মধ্যে বিনিয়োগকারীর সংখ্যা প্রায় অপরিবর্তিত—২০২৪ সালে ২,৮৯৪ জন এবং বর্তমানে ২,৮৯১ জন।


এক কোটি থেকে ১০ কোটি টাকার মধ্যে বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারীর সংখ্যা বর্তমানে ১৩ হাজার ৩১৬ জন, যা আগের বছর ছিল ১২ হাজার ৯৩৩ জন।


এছাড়া ৫০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারীর সংখ্যা ২৪ হাজার ২২৫ জন, যা আগের বছর ছিল ২২ হাজার ৯০৭ জন।

১০ লাখ থেকে ৫০ লাখ টাকার বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে—২০২৪ সালে এ সংখ্যা ছিল ৯৮ হাজার ৩৭৭, আর বর্তমানে ১ লাখ ৪ হাজার ৮৩৩ জন।


১ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে যাদের বিনিয়োগ, সেই শ্রেণির সংখ্যা খুব সামান্য বেড়ে ৩ লাখ ৯০ হাজার ৩৮৫ জনে পৌঁছেছে, যা আগের বছর ছিল ৩ লাখ ৮৯ হাজার ৫৯৪ জন।


সার্বিকভাবে দেখা যাচ্ছে, বড় অঙ্কের বিনিয়োগকারীরা শেয়ারবাজারে সক্রিয় থাকলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে আস্থা কমে যাচ্ছে। বাজারে দীর্ঘস্থায়ী মন্দাভাব, অস্থিরতা, কোম্পানির আর্থিক অনিশ্চয়তা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার অভাব এসবের পেছনে ভূমিকা রাখছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।


বিনিয়োগে বৈষম্য তৈরি হওয়ায় দেশের শেয়ারবাজারে অংশগ্রহণমূলক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে—এমন আশঙ্কাও রয়েছে অর্থনীতি সংশ্লিষ্ট মহলে।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - অর্থনীতি

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image