ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

/ অন্যান্য / শিক্ষা

ঢাবির আইবি বিভাগে অধ্যাপক নিয়োগের শর্তে অনিয়মের অভিযোগ

Admin

প্রকাশিত: ১২:২৩, ২৪ জুলাই ২০২৫

ঢাবির আইবি বিভাগে অধ্যাপক নিয়োগের শর্তে অনিয়মের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) বিভাগে অধ্যাপকের শূন্য পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদিত ২০২৩ সালের জুলাইয়ে কার্যকর হওয়া সর্বশেষ নিয়ম ‘ইন্ট্রাগেটেড রুলস অ্যান্ড কোয়ালিফিকেশনস ফর অ্যাডভার্টাইজড টিচিং পজিশনস’ লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বিজ্ঞপ্তিতে ওই পদে আবেদনের যোগ্যতা হিসেবে নিয়ম লঙ্ঘন করে বাড়তি শর্ত দেয়া হয়েছে। এতে অনেক মেধাবী প্রার্থী আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। পতিত ফ্যাসিবাদী আমলে এমনিতেই ভিন্নমতাদর্শের অজুহাতে যারা শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন, বর্তমান ফ্যাসিবাদমুক্ত দেশে নতুন করে অনিয়মতান্ত্রিকভাবে বাড়তি শর্তের নামে তাদেরকে অযোগ্য করা হচ্ছে।

এতে সংশ্লিষ্টদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সূত্রমতে, বিভাগটিতে অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদনকারীর বিভিন্ন যোগ্যতার সঙ্গে বলা হয়েছে-‘তাদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, কমপক্ষে ৭ বছর ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে। অথচ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদিত ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া ‘ইন্ট্রাগেটেড রুলস অ্যান্ড কোয়ালিফিকেশনস ফর অ্যাডভারটাইজড টিচিং পজিশনস’ শীর্ষক নিয়মে বলা হয়েছে-প্রার্থীকে কোন বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১২ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

অর্থাৎ ‘কমপক্ষে ৭ বছর ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে’ এমন কোন শর্ত সিন্ডিকেট প্রণীত নিয়মে নেই। এই শর্ত বাদ দিয়েই স্বাভাবিক নিয়মে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির ইংরেজি, প্রাণিবিদ্যা ও আইন বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অথচ ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ তার ব্যতিক্রম। বিভাগ সংশ্লিষ্টদের পছন্দের কোন প্রার্থীকে নিয়োগের অসৎ উদ্দেশ্যেই নিয়ম লঙ্ঘন করে বাড়তি এই শর্ত জুড়ে দেয়া হতে পারে বলে অনেকের আশঙ্কা। সূত্রমতে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত ওই পদে আবেদনের সুযোগ রয়েছে। তাই বাড়তি শর্ত বাতিল করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক নিয়মে আবেদনের সুযোগ সৃষ্টির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী চাকরি প্রার্থীরা।

এ বিষয়ে জানতে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া আমার দেশকে বলেন, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগটি একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এতে বিশেষজ্ঞ মানুষ যাতে পাওয়া যায়, সেজন্য বিভাগের কো-অর্ডিনেশন অ্যান্ড ডেভলপমেন্ট কমিটি (সিঅ্যান্ড ডি) থেকে সাত বছরের ওই শর্ত দিয়ে প্রস্তাবনা পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। সেটি অনুমোদনের পরই আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। এতে সিন্ডিকেটের শর্ত লঙ্ঘন হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিন্ডিকেটের নিয়ম অবশ্যই মানতে হবে।

আমাদের সি অ্যান্ড ডি কমিটিতেও সিন্ডিকেট সদস্যরা আছেন। তারা দুটি বিষয়কে ব্যালেন্স করে জেনেশুনেই প্রস্তাব পাঠিয়েছেন। আর সবকিছু বিচার বিবেচনা করেই কর্তৃপক্ষ তাতে অনুমোদন দিয়েছে, এটি ফেরত পাঠায়নি বা কিছু বলেনি। তবে সংশ্লিষ্টদের অভিমত, সিন্ডিকেটের সিদ্ধান্ত উপেক্ষা করার ক্ষমতা বিভাগের সি অ্যান্ড ডি কমিটির নেই।

এফএইচ/বিএ/পিআর

Ad Image

সর্বোচ্চ পঠিত - শিক্ষা

Ad Image

আপনার জন্য নির্বাচিত

Ad Image