নির্বাচন নিয়ে কোনো প্রতিবন্ধকতা দেখছেন না নজরুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০, ১ অগাস্ট ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পথে কোনো প্রতিবন্ধকতা তিনি দেখছেন না। শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।
তিনি বলেন, "আমরা মনে করছি, নির্বাচনের ক্ষেত্রে সামনে কোনো সমস্যা দেখা দিচ্ছে না। কাজেই এ নিয়ে অযথা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আমরা অপেক্ষা করছি সরকারের স্পষ্ট অবস্থানের জন্য এবং আশা করছি, নির্বাচন কমিশনকে সে অনুযায়ী দিকনির্দেশনা দেওয়া হবে।"
এ সময় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই সনদ কার্যকর করতে যেসব পদক্ষেপ দরকার, তা বিএনপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তবে ৮২৬টি সুপারিশের মধ্যে ৫১টির বিষয়ে মতপার্থক্য রয়েছে।”
এর আগে বিএনপির প্রতিনিধিদল হাটহাজারী পৌঁছে হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী এবং মাওলানা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। এরপর তাঁরা মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমী এবং শায়খুল হাদীস শেখ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জুমার নামাজ আদায় শেষে মাদ্রাসায় দুপুরের খাবার গ্রহণ করেন নেতারা। এরপর তাঁরা চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকায় অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজতের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হন।
এ সফরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সহকারী মীর হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক কমিটির নেতা নূর মোহাম্মদ, সরোয়ার আলমগীর, দক্ষিণ জেলার সদস্যসচিব হেলাল উদ্দিন, জাসাস উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতারা জানান, এই সফর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে আয়োজিত হয়েছে। যদিও নেতারা এটিকে সৌজন্য সাক্ষাৎ বলছেন, বাস্তবে তারা হেফাজতের নেতৃবৃন্দসহ আলেম-ওলামাদের সমর্থন আদায়ের প্রচেষ্টায় রয়েছেন বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২০ জুলাই "দেশ গড়তে জুলাই পদযাত্রা" কর্মসূচির অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও তার দলের সদস্যরা হাটহাজারী মাদ্রাসায় যান এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা হেফাজতের সাবেক দুই আমিরের কবর জিয়ারত করেন।
এফএইচ/বিএ/পিআর