মাত্র ৮ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন ফিনল্যান্ডের মহেশ তাম্বে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৬, ৩০ জুলাই ২০২৫
ভারতীয় বংশোদ্ভূত হলেও খেলছেন ফিনল্যান্ডের জাতীয় দলে। পরিচিত না হলেও হঠাৎ করেই ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন ডানহাতি মিডিয়াম পেসার মহেশ তাম্বে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৮ বলেই ৫ উইকেট তুলে নিয়ে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড—যা এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম পাঁচ উইকেটের কীর্তি।
এর আগে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছিল বাহরাইনের জুনেইদ আজিজের, যিনি ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। আর তার আগের রেকর্ড ছিল আফগানিস্তানের রশিদ খানের, যিনি ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে এই কীর্তি গড়েছিলেন।
সম্প্রতি এস্তোনিয়ায় আয়োজিত একটি দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই অবিশ্বাস্য বোলিং করেন মহেশ। আগে ব্যাট করা এস্তোনিয়া ১৯.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায়। ১ উইকেটে ৭২ রান থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা, যার সূচনা করেন মহেশ।
প্রথম ৮ বলেই তিনি ফিরিয়ে দেন স্টেফান গুচ, সাহিল চৌহান, মহম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে। শেষ পর্যন্ত মাত্র ২ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট।
তার বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে এস্তোনিয়ার ব্যাটাররা। জবাবে ব্যাট করতে নেমে ফিনল্যান্ড কিছুটা চাপেই পড়ে, তবে অরবিন্দ মোহনের দৃঢ় ইনিংসে ভর করে ৫ উইকেটে জয় নিশ্চিত করে।
যেখানে ক্রিকেটে ফিনল্যান্ডের নাম খুব কম শোনা যায়, সেখানে মহেশ তাম্বে এই পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অনন্য পরিচয় তৈরি করে ফেলেছেন। তার এই রেকর্ড বিশ্ব ক্রিকেটের নামকরা সব বোলারদেরকেও পেছনে ফেলেছে।
এফএইচ/বিএ/পিআর