সেমিফাইনালে না খেলেই ফাইনালে পাকিস্তান, সরে দাঁড়াল ভারত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১১, ৩১ জুলাই ২০২৫
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে সেমিফাইনালে ভারত-পাকিস্তান মহারণ আর হচ্ছে না। খেলা বর্জনের সিদ্ধান্তের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের দল।
লিগ পর্বেই একবার পাকিস্তানের বিপক্ষে খেলেনি ভারত। তখন ম্যাচটি না হওয়ায় উভয় দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। কিন্তু সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও একইভাবে খেলা থেকে সরে দাঁড়ায় শিখর ধাওয়ান ও যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। এর ফলে কোনো বল না খেলেই ফাইনালের টিকিট পেয়েছে শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজদের পাকিস্তান।
এই টুর্নামেন্টে ছয়টি দেশের সাবেক তারকা ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। লিগ পর্ব শেষে পাকিস্তান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ও ভারত ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল। নিয়ম অনুযায়ী দুই দল মুখোমুখি হওয়ার কথা ছিল সেমিফাইনালে।
ভারতীয় গণমাধ্যমে জানা গেছে, রাজনৈতিক টানাপোড়েন ও সামাজিক চাপের কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। কাশ্মীর ইস্যু ঘিরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার ছায়া পড়েছে ক্রিকেটেও।
তবে বিষয়টি জটিল হয়ে উঠেছে কারণ সম্প্রতি ঘোষিত এশিয়া কাপের সূচিতে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। জাতীয় দল পর্যায়ে যেখানে মুখোমুখি হওয়ার প্রস্তুতি চলছে, ঠিক তখনই সাবেক খেলোয়াড়দের একটি টুর্নামেন্টে দেখা গেল বিপরীত চিত্র।
ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের মধ্যকার বিজয়ী দল।
এফএইচ/বিএ/পিআর