আসামে উচ্ছেদ অভিযানে বাংলাভাষী মুসলিমদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৬, ৩০ জুলাই ২০২৫
ভারতের আসাম রাজ্যে প্রশাসনের উচ্ছেদ অভিযানে বহু মুসলিম পরিবারের ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে। অভিযোগ—তারা ‘বিদেশি’ বা ‘বাংলাদেশি’। এই অভিযানে শত শত নারী, পুরুষ ও শিশু আজ গৃহহীন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, রাজ্য সরকার নির্বাচন সামনে রেখে এই পদক্ষেপ নিয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলা অভিযানে একের পর এক বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মূলত বাংলাভাষী মুসলিমদের লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন অনেকে।
আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিমা শর্মা বারবার দাবি করে আসছেন যে, বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের জন্য হুমকি। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ রুখে দেওয়া হয়েছে, কিন্তু কিছু জেলায় হিন্দুরা এখন সংখ্যালঘু হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আরান আলি বলেন, “আমরা তো এখানকারই সন্তান। জন্ম, বেড়ে ওঠা সবকিছু এই মাটিতে। তবু বারবার আমাদের বিদেশি বলা হচ্ছে।”
বাংলাদেশের সঙ্গে আসামের প্রায় ২৬২ কিলোমিটার সীমান্ত রয়েছে। ফলে এখানকার বাংলাভাষী মুসলিমদের মধ্যে দীর্ঘদিন ধরেই আতঙ্ক বিরাজ করছে—তাদের দেশান্তরী করার পরিকল্পনা চলছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১১ সালের আদমশুমারিতে আসামের ৩ কোটি ১০ লাখ মানুষের মধ্যে প্রায় ৩০ শতাংশ মুসলমান। ২০২১ সালে বর্তমান মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে প্রায় ৫০ হাজার মুসলমানকে উচ্ছেদ করা হয়েছে, যাদের অধিকাংশই বাঙালি মুসলিম।
এফএইচ/বিএ/পিআর